ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রাজধানীতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশিত: 19 November 2026, 7:22 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বিজয়নগরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কার্যালয়ের নিচে পার্ক করা অবস্থায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনার সময় মুখে মাস্ক পরিহিত কয়েকজন দুর্বৃত্ত একটি অটোরিকশায় করে সেখানে আসে। এরপর তারা এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর পার্ক করা গাড়িতে বোতলে করে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলে ওঠার পরপরই দুর্বৃত্তরা দ্রুত অটোরিকশায় চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নৈশপ্রহরীরা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বিষয়টি দেখতে পেয়ে দ্রুত এগিয়ে আসেন এবং আগুন নেভানোর ব্যবস্থা করেন। ততক্ষণে গাড়িটির একাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে গভীর রাতে এভাবে অগ্নিসংযোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি স্পষ্টতই রাজনৈতিক অসহিষ্ণুতা, ভীতি প্রদর্শন, সন্ত্রাসবাদ এবং গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশের ওপর সরাসরি এক আঘাত। এ ধরনের কাপুরুষোচিত হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কোনোভাবেই এবি পার্টিকে দমিয়ে রাখা যাবে না। আগুন-সন্ত্রাস চালিয়ে ফ‍্যাসিবাদীরা দিন দিন আরও বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।

নেতৃদ্বয় আরও বলেন, আগুন-সন্ত্রাস, হামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কোনো রাজনৈতিক শক্তিকে দমিয়ে রাখার এই অপচেষ্টা বিন্দুমাত্র গ্রহণযোগ্য নয়। পতিত ফ্যাসিবাদী শক্তি গোটা দেশকে অস্থিতিশীল করার সুদূর প্রসারী লক্ষ্য নিয়েই দলের চেয়ারম্যানের গাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

দেশের চলমান গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের সব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারকে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করতে হবে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নেতৃদ্বয় অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত করা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি জোর দাবি জানান। এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।

মন্তব্য করুন