রাজধানীর শুক্রাবাদে গাড়ি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
নিজস্ব প্রতিবেদক:
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ব্যক্তিগত মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শুক্রাবাদ এলাকার মিরপুর সড়কে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। চলন্ত গাড়ির জানালা খোলা থাকায় এক ছিনতাইকারী আকস্মিক তার হাত থেকে মোবাইল ফোনটি ছাঁ মেরে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন আসিফ নজরুল।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়ে তিনি এই ঘটনার কথা নিজেই সবাইকে জানান। ওই পোস্টে আসিফ নজরুল লিখেছেন, ‘আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছাঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকের ঘটনা।’
ছিনতাই হওয়া মোবাইল সেটটি উদ্ধারের চেষ্টা চলছে উল্লেখ করে তিনি আরও লিখেছেন, এর মধ্যে কেউ তার এই ফোন নম্বর থেকে কিংবা অন্য কোনো মাধ্যমে মেসেজ পাঠিয়ে টাকা দাবি করলে, হুমকি দিলে বা কোনো ধরনের সন্দেহজনক কিছু লিখলে তা যেন সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়।
পরে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আসিফ নজরুল জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডি ২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। রাস্তায় প্রচুর যানজট থাকায় এবং গরমের কারণে গাড়ির জানালার কাচ খোলা রেখেছিলেন তিনি। এ সময় গাড়িতে বসে মুঠোফোনে মেসেজ দেখছিলেন। পুরনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরা এক যুবক ছাঁ মেরে তার ফোনটি নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ওই যুবককে ধরার চেষ্টা করা হলেও সে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। নিজের অসতর্কতাকেই এই অপ্রীতিকর ঘটনার জন্য দায়ী করেছেন তিনি। ঘটনার পরপরই বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার দৃঢ় বিশ্বাস, দ্রুতই ফোনটি উদ্ধার করা সম্ভব হবে।
এদিকে এই বিষয়ে শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশন) মাসুদ রানা সংবাদমাধ্যমকে জানান, বিষয়টি তিনিও শুনেছেন। তবে তাদের কাছে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ এসে পৌঁছায়নি।
