রাজনৈতিক সহিংসতার আশঙ্কা: দেশজুড়ে ১১ দিনের বিশেষ সতর্কতা জারি
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে সম্ভাব্য রাজনৈতিক সহিংসতা ঠেকাতে ১১ দিনের বিশেষ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে পাঠানো একটি সতর্ক বার্তায় জানানো হয়েছে, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে বিশেষভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
এসবির প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ গোপনে সংগঠিত হয়ে সহিংসতা, নৈরাজ্য, সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা বা ভাঙচুরের পরিকল্পনা করতে পারে। এ সময় তারা অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচার-প্রচারণা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৮ জুলাই) এই বিষয়ে একটি বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, সিটি এসবি, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের স্পেশাল পুলিশ সুপার এবং দেশের সকল জেলা পুলিশ সুপারদের কাছে।
চিঠিতে উল্লেখ করা হয়:
“ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকারবিরোধী রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো ১ জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই ধারাবাহিকতায় ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে ‘বিশেষ গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।”
চিঠিতে আরও সতর্ক করে বলা হয়,
“এই সময় ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে উসকানিমূলক কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা চালানো হতে পারে।”
এ প্রেক্ষিতে সব পুলিশ ইউনিটকে নিচের নির্দেশনা দেওয়া হয়েছে:
নিজ নিজ এলাকার রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ
সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি
সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার
সাইবার গোয়েন্দা তৎপরতা জোরদার
সংশ্লিষ্টরা বলছেন, সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
