ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রাফায় ত্রাণ আনতে এসে প্রাণ গেল ২৭ জনের, গুলি চালানোর কথা স্বীকার করল ইসরায়েল

প্রকাশিত: 3 June 2025, 11:45 pm
ফন্ট:

অনলাইন ডেস্ক:

দীর্ঘ অবরোধ ও দুর্ভিক্ষ পরিস্থিতির মধ্যে গাজার দক্ষিণাঞ্চল রাফায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৯০ জন। গতকাল মঙ্গলবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবিসি ও দ্য গার্ডিয়ান একাধিক প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে বিষয়টি জানিয়েছে।
রেডক্রসের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, রাফার একটি ফিল্ড হাসপাতালে কমপক্ষে ১৮৪ জন হতাহতকে আনা হয়। এর মধ্যে ১৯ জনকে মৃত অবস্থায় আনা হয় এবং আরও আটজন হাসপাতালে পৌঁছানোর পর মারা যান। বেশ কয়েকজন আহতের অবস্থা আশঙ্কাজনক।

এই নিয়ে টানা তিনদিন একই ধরনের ঘটনা ঘটল। এর আগে রোববার (৩০ এপ্রিল) রাফার আরেকটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩১ জন নিহত হন এবং সোমবার (১ মে) নিহত হন আরও তিনজন। প্রতিদিনই একই রকম ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, যেখানে সাধারণ মানুষ শুধুই খাবারের আশায় জীবন হারাচ্ছেন।

দখলদার ইসরায়েলি বাহিনী সাধারণ মানুষের ওপর গুলি চালানোর বিষয়টি স্বীকার করেছে। তাদের দাবি, “নির্ধারিত নিরাপদ পথের বাইরে”যারা গিয়েছিলেন, গুলি ছোড়া হয়েছে তাদের লক্ষ্য করে। তবে হতাহতের সংখ্যা নিয়ে কিছু জানায়নি তারা।ত্রাণ বিতরণে নিয়োজিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত গ্লোবাল হেলথ ফাউন্ডেশন (জিএইচএফ) জানিয়েছে, তাদের নিয়ন্ত্রিত বিতরণ কেন্দ্রে কোনো গুলির ঘটনা ঘটেনি। বরং তারা জানায়, ঘটনার স্থান ছিল তাদের নিয়ন্ত্রিত এলাকার বাইরে এবং সামরিক এলাকায়।
যদিও, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং জাতিসংঘ অভিযোগ করেছে-জিএইচএফ আন্তর্জাতিক মানবিক ত্রাণ বিতরণের নীতিমালা মানছে না। বিতরণ করা খাবারও রান্না করা নয়, যা যুদ্ধবিধ্বস্ত গাজায় কার্যত অকেজো, কারণ রান্না করার অবকাঠামো ও জ্বালানি এখন প্রায় বিলুপ্ত।

১১ সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েলের আরোপিত অবরোধের ফলে গাজা উপত্যকায় চরম খাদ্য সংকট তৈরি হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, প্রায় ২০ লাখ মানুষ এখন দুর্ভিক্ষের সরাসরি ঝুঁকিতে রয়েছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার সহায়তা অফিস মন্তব্য করেছে, ত্রাণ গ্রহণে সাধারণ মানুষের ওপর হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে। তারা আবারও ইসরায়েলকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

মন্তব্য করুন