রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৭, আওয়ামী লীগের ৫৪ নেতা-কর্মী
অনলাইন ডেস্ক:
রাজধানীর আটটি বিভাগে একযোগে চালানো বিশেষ অভিযানে ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতা-কর্মী রয়েছেন। অভিযানে বিদেশি পিস্তল, গুলি, ককটেল, মাদকসহ নানা আলামত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার আখতার হোসেন জানান, বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে মিরপুর বিভাগে — ১৪৬ জন। এ ছাড়া ওয়ারীতে ৮০ জন, তেজগাঁওয়ে ৭৬ জন, মতিঝিলে ৫৭ জন, লালবাগে ৪৭ জন, গুলশানে ৪৫ জন, উত্তরায় ৪১ জন, রমনায় ২১ জন, গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে ৩ জন ও বিশেষায়িত ইউনিটের অভিযানে ১ জন গ্রেপ্তার হয়েছেন।
অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চারটি গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, চারটি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ৯ হাজার ১৫৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি বাস, তিনটি ব্যাংক কার্ড, ১১টি মোবাইল ফোন ও নগদ ১২ হাজার ৯৬৫ টাকা জব্দ করা হয়েছে। অভিযানের সময় অপহৃত এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫১টি মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
