গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং প্রায় বন্ধ, আটকে গেছে সরকারি তহবিলের কিস্তিও
অনলাইন ডেস্ক:
গোপালগঞ্জে তৃতীয় দিনের মতো প্রায় বন্ধ রয়েছে মোবাইল ব্যাংকিং সেবা। বুধবার রাত থেকে জেলার অধিকাংশ এজেন্টের হিসাব স্থগিত থাকায় বিকাশ, নগদসহ মোবাইল আর্থিক সেবায় টাকা পাঠানো ও তোলা যাচ্ছে না। একই সঙ্গে জেলায় স্থানীয় সরকারের তহবিলের তৃতীয় কিস্তির অর্থ ছাড়ও বন্ধ রেখেছে সরকার।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের ভাষ্য, গোপালগঞ্জে অস্বাভাবিক হারে টাকা ঢোকার তথ্য পাওয়া গেছে; গ্রেপ্তার এড়াতে অনেকে এলাকায় আশ্রয় নিয়েছেন বলেও ধারণা করা হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের জানুয়ারি-মার্চ প্রান্তিকের তৃতীয় কিস্তির অর্থ অন্য জেলায় ছাড় হলেও গোপালগঞ্জের জন্য তা আটকে রাখা হয়েছে। এতে জেলার ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে জেলায় টানা নয় দিন ধরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। ১৫ নভেম্বরের নাশকতার ঘটনার পর ১৭ নভেম্বর থেকে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে; পুনরায় চালুর কোনো পরিকল্পনা আপাতত নেই বলে জানা গেছে। আগুনে পুড়ে যাওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানাও শিগগির চালু হচ্ছে না; দুই থানার কার্যক্রম চলছে সদর থানা থেকে।
সাধারণ মানুষ পড়েছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের লঞ্চঘাট এলাকার হাফিজ টেলিকমের এজেন্ট পয়েন্টে গিয়ে ধীমান বিশ্বাস জানতে পারেন, বোন সাথী বিশ্বাসের পাঠানো দুই হাজার টাকা তুলতে পারবেন না — এজেন্টের হিসাব স্থগিত। প্রবাসী ও শহরে থাকা স্বজনদের পাঠানো টাকার ওপর নির্ভরশীল অনেক পরিবারই এখন বিপাকে।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে মোবাইল ব্যাংকিং সেবা চালুর দাবি জানানো হয়েছে।
