রূপপুর প্রকল্পে দুর্নীতির অভিযোগে শেখ রেহানার স্বামীসহ ৮ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকসহ আটজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এই আদেশ দেন।

দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম এই নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদকের পক্ষ থেকে জানানো হয়, শেখ রেহানার মালিকানাধীন ‘প্রচ্ছায়া লিমিটেড’ নামক একটি কোম্পানির মাধ্যমে রূপপুর পারমাণবিক প্রকল্পের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ পাওয়া গেছে। কোম্পানিটি শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ সিদ্দিক এবং শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারিক সিদ্দিকের পরিবারের সদস্যদের মালিকানাধীন বলে উল্লেখ করা হয়েছে।

দুদক জানায়, অনুসন্ধানে দেখা গেছে অভিযুক্ত ব্যক্তিরা গোপনে দেশত্যাগের চেষ্টা করছেন। ফলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র গোপন হয়ে যেতে পারে এবং অনুসন্ধানে বিঘ্ন ঘটতে পারে। এ কারণে তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

দুদকের ভাষ্য অনুযায়ী, এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৫৯ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। এ বিষয়ে সাত সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। প্রসঙ্গত, ২০০৯ সালে শেখ রেহানা, তার মেয়ে টিউলিপ এবং তারিক সিদ্দিক ‘প্রচ্ছায়া লিমিটেড’ প্রতিষ্ঠা করেন বলে জানিয়েছে দুদক।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গ্লোবাল ডিফেন্স কর্প-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, এই কোম্পানির মাধ্যমেই বিভিন্ন দেশের অফশোর অ্যাকাউন্টে অর্থ পাচার করা হতো। তবে এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।