ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

রেমিট্যান্সই অর্থনীতিকে বাঁচিয়েছে: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: 28 September 2025, 1:49 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অর্থনীতি যখন বিপর্যয়ের মুখে, তখন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সই দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

শনিবার নিউইয়র্কের ম্যানহাটনের মেরিয়ট মার্কুইসে অনুষ্ঠিত “NRB Connect Day: Empowering Global Bangladeshis” শীর্ষক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভিন্ন খাতের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের অর্থনীতি একেবারে নিচে নেমে গিয়েছিল। আপনাদের রেমিট্যান্সই তা বাঁচিয়েছে। অর্থনীতিকে শক্তিশালী করার পেছনে আপনাদের রেমিট্যান্সই মূল চালিকা শক্তি।”

তিনি আরও বলেন, বাংলাদেশে পর্যাপ্ত তরুণ জনশক্তি রয়েছে, যেটিকে কাজে লাগিয়ে বিদেশি কোম্পানিগুলো দেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে।

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, “আপনারা এখন বাংলাদেশের অংশ। আত্মবিশ্বাস নিয়ে বিনিয়োগ ও ধারণা নিয়ে আসুন।” একইসঙ্গে আশ্বাস দেন, আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।

আঞ্চলিক অর্থনীতি ও সমুদ্রবন্দর

আঞ্চলিক বাণিজ্য জোরদারে নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে সমুদ্রপথে সুবিধা দেওয়ার প্রস্তাব দিয়ে ইউনূস বলেন, “যদি আমরা তাদের জন্য সমুদ্র উন্মুক্ত করি, সবাই উপকৃত হবে।” তিনি জানান, ইতোমধ্যে এ বিষয়ে বহু অংশীজনের সঙ্গে আলোচনা হয়েছে এবং “কক্সবাজার-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রস্তুত” রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরের গ্যাস অনুসন্ধানের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

বিনিয়োগ, অর্থনীতি ও ডায়াসপোরা সম্পৃক্ততা

অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরেন। তিনি জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গৃহীত পদক্ষেপে মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রয়েছে এবং গত এক বছরে বৈদেশিক বিনিয়োগ দ্বিগুণ হয়েছে।

আলোচনায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “প্রবাসী বাংলাদেশিরা দেশের সম্পদ। জুলাই-আগস্ট আন্দোলনে তারা বড় ভূমিকা রেখেছেন।”

আরেক প্যানেল সেশনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঞ্চালনায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতারা বক্তব্য দেন। তাসনিম জারা বলেন, “যখন সবাই একসঙ্গে কাজ করে, ইতিহাস বদলায়। আমরা একসঙ্গে ইতিহাস বদলাবো।”

উদ্যোগ, প্রযুক্তি ও ভবিষ্যতের বাংলাদেশ

অনুষ্ঠানে ‘শুভেচ্ছা অ্যাপ’ উদ্বোধনসহ ছিল প্লেনারি সেশন ও সরাসরি প্রবাসীদের মতবিনিময়ের ব্যবস্থা। “NRB Connect Day” হয়ে ওঠে একটি অনন্য প্ল্যাটফর্ম, যেখানে ব্যবসা, একাডেমিয়া, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ও সামাজিক উন্নয়ন নিয়ে মতবিনিময় হয়।

মন্তব্য করুন