রেললাইনের পাশেই স্কুল, সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে শতাধিক শিক্ষার্থী

জেলা প্রতিনিধি :

ব্যস্ততম লাকসাম-নোয়াখালী রেললাইনের পাশেই চলছে তপইয়া ময়ুরেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান, আর এতে চরম ঝুঁকির মুখে রয়েছে শতাধিক শিক্ষার্থী। সীমানা প্রাচীর না থাকায় প্রতিদিনই দুর্ঘটনার শঙ্কায় থাকে শিশুরা, যা অভিভাবকদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে ১১৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। স্থানীয় মনপাল, তপইয়া ও কৃষ্ণপুরসহ আশপাশের গ্রামের শিক্ষার্থীরা এখানে আসে, কিন্তু রেললাইনের এত কাছে স্কুল হওয়ায় তারা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার জানান, “আমরা দীর্ঘদিন ধরে সীমানা প্রাচীর নির্মাণের জন্য আবেদন করে আসছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

শিক্ষকরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। শিক্ষক বিদ্যুত পাল বলেন, “প্রতিবার ট্রেন আসার সময় আমরা শিক্ষার্থীদের নিরাপদে রাখার জন্য রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকি, যা খুবই কষ্টসাধ্য।” অভিভাবকরাও এই পরিস্থিতিতে আতঙ্কিত। কৃষ্ণপুরের রাশিদা খাতুন বলেন, “প্রতিদিন ছেলেকে স্কুলে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকি। কখন কী ঘটে যায়, সেই ভয়ে বুক কাঁপে!”

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন মজুমদার জানান, “বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে রয়েছে, বিষয়টি আমরা জানি। ইতোমধ্যে সীমানা প্রাচীরের জন্য আবেদন করা হয়েছে, দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী ও অভিভাবকরা দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে শিশুরা নিরাপদে শিক্ষালাভ করতে পারে।