অনলাইন ডেস্ক:
ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি রোজা না রেখে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলায় অংশ নেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন। তার রোজা না রাখার বিষয়টি নিয়ে ভারতের আলেম সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একপক্ষের দাবি, রোজা না রাখায় শামি পাপ করেছেন, আর অন্যপক্ষের মতে, মুসাফির হিসেবে তিনি রোজা কাজা করতে পারেন।
অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন রাজভী বেরেলভী প্রথমে শামির বিরুদ্ধে অভিযোগ তুলেন। তিনি বলেন, “রোজা না রাখার কারণে শামি পাপ করেছেন। শরিয়তে এটি গ্রহণযোগ্য নয়। সুস্থ অবস্থায় রোজা না রাখা এবং প্রকাশ্যে পানি পান করা সমাজে ভুল বার্তা পাঠিয়েছে।”
তবে শামির পরিবারের পক্ষ থেকে তার চাচাতো ভাই মোহাম্মদ মুমতাজ পাল্টা বক্তব্য দেন। তিনি বলেন, “শামি দেশের জন্য খেলছে। পাকিস্তানের অনেক ক্রিকেটারও রোজা না রেখে ম্যাচ খেলছেন, তাই এটা নতুন কিছু নয়। শামিকে বলব, এসব কথায় কান না দিয়ে আগামী ম্যাচের প্রস্তুতি নাও।”
এদিকে, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মওলানা খালিদ রশিদ ফারাঙ্গি মাহলি শামির পক্ষে ফতোয়া দেন। তার মতে, “রোজা রাখা বাধ্যতামূলক হলেও, কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যে, অসুস্থ বা সফরে গেলে রোজা না রাখা যায়। শামি সফরে গিয়েছেন, তাই রোজা না রাখার সুযোগ রয়েছে। এই বিষয়ে অযথা বিতর্ক সৃষ্টি না করা উচিত।”
শামির ভাই মোহাম্মদ হাসিব জানান, “শামি নিয়মিত রোজা রাখেন, তবে খেলাধুলার কারণে তিনি রোজা কাজা করবেন, যা পরবর্তীতে পালন করবেন।”
শামির ছেলেবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিকিও এ ইস্যুতে মন্তব্য করেছেন। তিনি শামির পক্ষে কথা বলেন এবং বলেন, “শামি ভুল কিছু করেননি।” তবে মাওলানা শাহাবুদ্দিনের বিবৃতির পর অনেকেই শামির রোজা না রাখার সমালোচনা করেছেন।











