নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ সকালে গুলশানে জাতিসংঘের নতুন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন।
গুতেরেস বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তি মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে বাংলাদেশি শান্তিরক্ষীরা এই মিশনে অসামান্য অবদান রাখছেন।
তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন এবং এর গুরুত্ব তুলে ধরেন।
আজকের অনুষ্ঠানে গুতেরেস বাংলাদেশে জাতিসংঘের সদস্যপদ লাভের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করেন। এরপর তিনি জাতিসংঘের বাংলাদেশের কান্ট্রি টিমের সঙ্গে এক বৈঠক করেন।
জাতিসংঘ মহাসচিব গুতেরেস এবং শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান যৌথভাবে গুলশানে ‘ইউএন হাউস ইন বাংলাদেশ’ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস।











