লিবিয়ার উপকূলে নৌকাডুবি, ৭ পাকিস্তানির মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:

লিবিয়ার আল জাবিয়া শহরের উপকূলে গত ৭ ফেব্রুয়ারি একটি ভয়াবহ নৌকাডুবির ঘটনায় সাত পাকিস্তানির মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নৌকাটিতে অন্তত ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী ছিল।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নৌকাডুবির ঘটনায় পাকিস্তানি দূতাবাসের কর্মকর্তারা নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “যাত্রীদের পরিচয়ের ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহে আমাদের কর্মকর্তারা কাজ করছেন। তাদের শনাক্তকরণের জন্য আল জাবিয়া হাসপাতালে একটি দল পাঠানো হয়েছে।”

ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) মঙ্গলবার নিশ্চিত করেছে যে, উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় পাসপোর্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। মৃতদের মধ্যে ছয়জন খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলার এবং একজন বাজৌর এলাকার বাসিন্দা ছিলেন।

এ ছাড়া, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিট (সিএমইউ) গঠন করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য একটি হেল্পলাইন নম্বর ও জরুরি টেলিফোন নম্বর সরবরাহ করেছে।

এটি উল্লেখযোগ্য যে, চলতি বছরের জানুয়ারিতে মৌরিতানিয়া থেকে স্পেন যাওয়ার পথে ৮৬ জন যাত্রী নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় ৪০ পাকিস্তানি প্রাণ হারান।