অনলাইন ডেস্ক:
মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ বিশ্বাস করেন, লিভারপুলের সাথে তার বর্তমান চুক্তির শেষ বছরে তিনি বিশেষ কিছু অর্জন করতে পারবেন। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের লিভারপুলের সাথে চুক্তি শেষ হতে চলেছে এ মৌসুমে। তবে, এই মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছেন সালাহ, যিনি ইতোমধ্যে ১৮টি প্রিমিয়ার লিগ ম্যাচে ১৭ গোল এবং ১৩টি অ্যাসিস্ট করেছেন। আর্নে স্লটের অধীনে লিভারপুল বর্তমানে ৬ পয়েন্টের ব্যবধানে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে রয়েছে।
এদিকে, বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে যে, সালাহ লিভারপুলের সাথে নতুন চুক্তি করার কাছাকাছি পৌঁছেছেন। তবে, গত সপ্তাহে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৫-০ গোলের জয়ের পর সালাহ জানিয়েছেন যে, চুক্তি বিষয়ক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
২০২০ সালে, ৩০ বছরের দীর্ঘ অপেক্ষা শেষে লিভারপুল লিগ শিরোপা জিতেছিল এবং সালাহ ছিলেন সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তবে, করোনাভাইরাস মহামারির কারণে সেদিন এ্যানফিল্ডে দর্শকবিহীন স্টেডিয়ামে শিরোপা উদযাপন করতে হয়েছিল, যা লিভারপুলের জন্য ছিল হতাশাজনক।
শুক্রবার স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাতকারে সালাহ বলেন, “এটাই আমার এই ক্লাবে শেষ বছর। তাই আমি এবার বিশেষ কিছু করে দেখাতে চাই। দীর্ঘ ৩০ বছর আমরা শিরোপার জন্য অপেক্ষা করেছি, কিন্তু করোনার কারণে সেভাবে উদযাপন করতে পারিনি। এবার আশা করছি, সবকিছু ঠিকভাবে উদযাপন করতে পারবো।”
এছাড়া, সালাহ ছাড়াও লিভারপুলের সাথে চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে দলের অধিনায়ক ভার্জিল ফন ডাইক এবং রাইট-ব্যাক ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ডের। তারা সবাই আগামী মৌসুমে বিদেশী কোনো ক্লাবের সাথে আলোচনা করতে প্রস্তুত। এই তিনজন মিলে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, এফএ কাপ ও লিগ কাপের শিরোপা জয়ে সহায়তা করেছেন।











