শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আলফ্রেড’ আছড়ে পড়ছে ব্রিসবেনে

অনলাইন ডেস্ক:

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আলফ্রেড’। আজ শুক্রবার রাতে স্থানীয় সময় ১৫৫ কিলোমিটার গতিতে এই ঘূর্ণিঝড়টি ব্রিসবেন উপকূলে আঘাত হানতে পারে। গত বৃহস্পতিবার থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে শহরটি উপকূলীয় অঞ্চলে প্রবল বৃষ্টি এবং ঢেউয়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

সরকারি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আলফ্রেড’ বর্তমানে ব্রিসবেনের ২৮৫ কিলোমিটার দূরে অবস্থান করছে এবং রাতভর কোরাল সাগরের দিকে অগ্রসর হচ্ছে। প্রায় ৪০ লাখ উপকূলবাসী ঘূর্ণিঝড়টির শিকার হতে পারে। এই ঘূর্ণিঝড়ের কারণে ব্রিসবেনসহ দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের উত্তরের বেশ কিছু জনবহুল উপশহরে হাজার হাজার বাড়ি ঝুঁকির মধ্যে রয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ‘সেনসিয়াল এনাজির’ কোম্পানি জানিয়েছে, এই পরিস্থিতির কারণে প্রায় ৪ হাজার ঘরবাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। আবহাওয়বিদ সারাহ স্কুলি জানিয়েছেন, “আমরা ইতোমধ্যেই উপকূলবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। এই ঘূর্ণিঝড় যদি আঘাত হানে, তবে এটি অস্ট্রেলিয়ার ৫০ বছরের ইতিহাসে প্রথম বড় ধরনের ঝড় হতে পারে।”

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তার সরকার জনগণের নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে এবং উপকূলীয় বাসিন্দাদের সাহসিকতার সাথে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

বিশেষ করে, ব্রিসবেনে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বাধিক প্রবাসী বাংলাদেশিদের বসবাস। তবে অধিকাংশ প্রবাসী শহরের কেন্দ্রস্থলের কাছাকাছি থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা কম বলে আশা করা হচ্ছে।