নিজস্ব প্রতিবেদক :
ঢাকার মহাখালির সাততলা বস্তিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে, যাতে পুড়ে গেছে শতাধিক ঘরবাড়ি এবং দোকানপাট। যদিও আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে বস্তির বাসিন্দাদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।
বুধবার (১২ মার্চ) সকালে সরেজমিনে বস্তিটি ঘুরে দেখা যায়, আগুনে হতাহতের ঘটনা ঘটেনি, তবে ভুক্তভোগীরা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল (মঙ্গলবার) রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। অধিকাংশ ঘর টিনের তৈরি হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালেও আগুন তখন অনেকটাই ছড়িয়ে পড়েছিল।
অগ্নিদগ্ধ দোকানি হেমায়েত বলেন, “রোজার মাসে অনেকেই জেগে ছিলেন, তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবাই এক কাপড়ে বের হয়ে প্রাণে বেঁচেছেন।”
ভুক্তভোগী এনায়েত বলেন, “আমার ঘরের ড্রয়ারে ২ লাখ টাকা ছিল। রাতে ঘুমিয়ে ছিলাম, হঠাৎ মানুষের চিল্লাচিল্লি শুনে বাইরে বের হয়ে দেখি আগুন। কিছু বুঝে ওঠার আগেই সব পুড়ে গেছে, টাকা-পয়সা সব হারিয়ে ফেলেছি।”
ফরিদা নামের এক ভুক্তভোগী জানালেন, “ঘর পুড়ে গেছে, টাকা-পয়সা, গয়না, প্রয়োজনীয় সব কিছুই পুড়ে গেছে। এখন পুড়ে যাওয়া চাল থেকে ভালো চাল খুঁজছি, যাতে অন্তত দুমুঠো খেতে পারি।”
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মঙ্গলবার রাত ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। ১০ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ভোর ৫টা ২০ মিনিটে মোট আটটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে দেড়শ’রও বেশি ঘরবাড়ি এবং বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে।











