অনলাইন ডেস্ক:
ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, ব্যাটার নাজমুল হোসেন শান্তর একাদশে না থাকার পেছনে তার অফ-ফর্ম নয়, বরং টিম কম্বিনেশনের কারণে এমনটা হয়েছে। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে বরিশালের ১১ ম্যাচের মধ্যে মাত্র ৫টিতে খেলার সুযোগ পেয়েছেন শান্ত। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪১ রান ছাড়া বাকী চার ম্যাচে তিনি এক অঙ্কে আউট হন।
তামিম বলেন, “এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি বলতে পারি, তাকে ততটা খেলাতে পারিনি যতটা তাকে সুযোগ দেওয়া উচিত ছিল। প্রথম দুই থেকে চার ম্যাচে আমাদের কম্বিনেশন সেট করা খুব কঠিন ছিল। তবে আমি নিশ্চিত বলতে পারি, পারফরমেন্সের কারণে শান্তকে বসানো হয়নি। তার ব্যাটিংয়ে ৪০ রান ছিলো রংপুরের বিপক্ষে, কিন্তু কম্বিনেশনের কারণে সে সুযোগ পাচ্ছে না।”
তামিম আরও জানিয়েছেন, “আমি ঠিক জানি না, কোথায় তাকে ব্যাট করাতে হবে। বাঁ-হাতি ও ডান-হাতি সমন্বয় করা একটা সমস্যা। আমি চাই না, টপ অর্ডারে তিনজনের সবাই বাঁ-হাতি হোক। আমাদের কম্বিনেশন নিয়ে অনেক কিছু ভাবতে হচ্ছে।”
এছাড়া, প্লে-অফ এবং প্রথম কোয়ালিফাইয়ার নিশ্চিত হবার পর, তামিম বেঞ্চের শক্তি পরীক্ষা করার সুযোগ পাওয়ার কথাও বলেছেন, তবে সেটা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, “এটা অনেক কিছুর উপর নির্ভর করবে। প্রথম কোয়ালিফাইয়ারের আগে কোনো পরিবর্তন করতে চাই কিনা, তা নিয়ে আলোচনা হবে। তবে ইনজুরির কারণে কিছু পরিবর্তন হতে পারে।”
চলতি বিপিএলে শান্ত একাদশে সুযোগ না পেলেও তিনি অনুশীলন সেশন মিস করেননি এবং দলের সবার সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছেন। তামিম বলেন, “দলের প্রতি তার মনোভাব অসাধারণ, সে এটাকে সহজভাবে নিয়েছে। দলের সিনিয়র ও জুনিয়রদের প্রতি তার মনোভাব দারুণ।”
বরিশাল অধিনায়ক তার দলের পরিবর্তনের বিষয়ে বলেন, “আমরা নিউজিল্যান্ডের পেসার মিলনের সাথে চুক্তি করেছি, আর ডেভিড মিলারও কয়েকটি ম্যাচ খেলার জন্য আসছেন। তবে আমি মনে করি, আমাদের দল ভালো করছে এবং বড় পরিবর্তনের প্রয়োজন নেই।”
এদিকে, বরিশাল আরও শক্তিশালী করতে কিছু নতুন ক্রিকেটার যুক্ত করার পরিকল্পনা করলেও তামিম তাদের বর্তমান দল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।











