নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দাবি করলেও তা দেয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আখতার আহমেদ। মঙ্গলবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “নির্বাচন বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় তা বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। এনসিপি যদি ১৯ অক্টোবরের মধ্যে নতুন প্রতীক প্রস্তাব না দেয়, তাহলে কমিশন নিজেই প্রতীক নির্ধারণ করবে।”
তিনি আরও জানান, এনসিপির সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা আলোচনা হয়েছে। দলটির ব্যাখ্যা চাওয়ার পর কমিশন তাদের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে এবং কমিশন শাপলা প্রতীক না দেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।
প্রবাসী ভোটারদের বিষয়ে অগ্রগতি জানিয়ে তিনি বলেন, পুরনো ১১টি দেশের পাশাপাশি আরও চারটি দেশে নতুন করে ভোটার হালনাগাদ শুরু হবে। এছাড়া, নভেম্বরে ভোট প্রদানসংক্রান্ত অ্যাপ চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিবন্ধনপ্রক্রিয়ায় থাকা ১২টি নতুন রাজনৈতিক দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত চলছে বলে তিনি জানান। একইসঙ্গে নির্বাচন-সংশ্লিষ্ট সব জরুরি সামগ্রী ফেব্রুয়ারির আগেই এসে পৌঁছেছে বলেও উল্লেখ করেন আখতার আহমেদ।
‘গণভোট হবে কি হবে না’—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এ বিষয়ে নির্বাচন কমিশনে এখনো কোনো আলোচনা হয়নি।”











