শাহবাগে ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক:

স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের ছয় দফা দাবির আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। রবিবার (২৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ এবং শিক্ষকদের নীতিমালা প্রণয়নসহ অন্যান্য দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি শুরু করে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে তারা শাহবাগ মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, আন্দোলনকারীরা রাস্তা অবরোধ করার চেষ্টা করলে প্রথমে জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।

শিক্ষকরা জাতীয়করণের দাবিতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত ও কোড বিহীন মাদ্রাসাগুলোর স্বীকৃতি, বেতন-ভাতা প্রদান, আলাদা নীতিমালা প্রণয়ন, এবং প্রাথমিক বিদ্যালয়ের মতো অফিস সহায়ক নিয়োগসহ আরও বেশ কিছু দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।