শাহরুখের সঙ্গে সংঘাতে যেতে চান না সালমান, জানালেন কারণ
অনলাইন ডেস্ক:
বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে বক্স অফিসে কোনো ধরনের সংঘাতে জড়াতে চান না সালমান খান। তবে ‘অ্যাভেঞ্জার্স’ কিংবা ‘ডিউন’-এর মতো বড় বাজেটের হলিউড সিনেমার সঙ্গে একই সময়ে নিজের সিনেমা মুক্তি পেতে দেখলে তার কোনো আপত্তি নেই।
সম্প্রতি নিজের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র মুক্তির তারিখ নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেছেন এই বলিউড সুপারস্টার।
চিত্রাঙ্গদা সিংকে নিয়ে সালমান অভিনীত ‘মাতৃভূমি’ আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। শ্রদ্ধা কাপুরের ‘ঈথা’র সঙ্গে একই দিনে সিনেমাটি মুক্তি পাচ্ছে। তবে কেন ৪ ডিসেম্বর মুক্তির তারিখ বেছে নিয়েছেন, তা ব্যাখ্যা করতে গিয়ে শাহরুখ খানের সিনেমা ‘কিং’-এর সঙ্গে সংঘাত এড়ানোর কথা জানান তিনি।
সংবাদমাধ্যমকে সালমান বলেন, ‘শাহরুখ খান ডিসেম্বরে আসছেন। আমার মনে হয় ২৪ ডিসেম্বর। শাহরুখ ও তার মেয়ে সুহানার সঙ্গে কোনোভাবেই আমি সিনেমা মুক্তির সংঘাতে যেতে চাই না।’
তিনি আরও বলেন, ‘এখন যে দুটি সিনেমা আসছে, ‘অ্যাভেঞ্জার্স’ ও ‘ডিউন’, সেগুলোর সঙ্গে আমি যেকোনো সময় লড়তে রাজি। কিন্তু সেগুলো আমার সিনেমার এক সপ্তাহ আগে মুক্তি পাচ্ছে। তাদের সঙ্গে একই সময়ে সিনেমা মুক্তি দিতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওই তারিখ ছেড়ে দিলে তার এক সপ্তাহ পরই শাহরুখের সিনেমা মুক্তি পাবে। আমি কখনোই তার সঙ্গে সংঘাতে যেতে চাই না।’
সালমান জানান, ২৬ জানুয়ারিও ‘মাতৃভূমি’ মুক্তির জন্য ভালো একটি তারিখ হতে পারত। কিন্তু ওই সময়ে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটিতে অভিনয় করছেন ভিকি কৌশল, রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাই তাদের সঙ্গেও মুক্তির সংঘাতে যেতে চাননি অভিনেতা।
তিনি বলেন, ‘সঞ্জয় লীলা বানসালি ভিকি, রণবীর ও আলিয়াকে নিয়ে আসছেন। তাই তাদের সঙ্গেও সংঘাতে চাইনি। এর পরের সপ্তাহে আমার জন্য ভালো একটি তারিখ ছিল। কিন্তু মার্চে আবার আমার আরেকটি সিনেমা ‘মনস্টার’ মুক্তি পাবে। নিজের সিনেমার সঙ্গেও তো সংঘাতে চাই না।’
অন্যদিকে, শ্রদ্ধা কাপুরের ‘ঈথা’র সঙ্গে একই দিনে ‘মাতৃভূমি’ মুক্তি পাওয়া নিয়েও কথা বলেছেন সালমান। তিনি জানান, সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার সময় শ্রদ্ধার সিনেমা একই দিনে মুক্তি পাওয়ার বিষয়টি তার জানা ছিল না।
সালমান বলেন, ‘৪ ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণার সময় আমি জানতাম না যে শ্রদ্ধার সিনেমাটিও ওই দিন মুক্তি পাবে। বিষয়টি জানতে পেরে আমার সত্যিই খুব খারাপ লেগেছে। আগে জানলে আমি শ্রদ্ধার সঙ্গে একই দিনে সিনেমা মুক্তি দিতাম না। আমি ওকে ফোন করেছিলাম। বলেছি, আমি সত্যিই দুঃখিত, বিষয়টি আমার জানা ছিল না।’
অপূর্ব লাখিয়ার পরিচালনায় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায় সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং, অনুপ বিক্রম শাহি ও প্রশান্ত তামাং।
