শিল্পখাতের অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে স্বার্থান্বেষী মহল জড়িত: আইজিপি
নিজস্ব প্রতিবেদক:
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. বাহারুল আলম জানিয়েছেন, দেশের শিল্পখাতের অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে একটি স্বার্থান্বেষী মহল সক্রিয় রয়েছে। তিনি বলেন, এই মহলটি প্রশাসনকে ব্যর্থ প্রমাণ করতে চায়, তবে পুলিশ তাদের প্রতিহত করতে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আইজিপি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকার কাজ করছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে প্রশাসনকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। তাদের প্রতিহত করাই পুলিশের দায়িত্ব।
আইজিপি আরও জানান, ঈদযাত্রায় বিপুল সংখ্যক মানুষ শহর ত্যাগ করেন। এ সময়ে তাদের বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে বিশেষ নজরদারি থাকবে। তবে নাগরিকদেরও নিজ নিজ বাড়িঘরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেন তিনি।
সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক নিরপেক্ষতা সম্পর্কে আইজিপি বলেন, পুলিশের কোনো রাজনৈতিক আনুগত্য নেই। তিনি উল্লেখ করেন, ৫ আগস্টের আগে কিছু পুলিশের অন্যায় আনুগত্যের কারণে বাহিনী কলঙ্কিত হয়েছে, যা জনগণের বিরুদ্ধে গেছে। এ ধরনের ভুলের জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই শাস্তি পেতে হবে।
