অনলাইন ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউজের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ট্রাম্প মেক্সিকোর ওপর ২৫ শতাংশ, কানাডার ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন।
এটি ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, শুল্ক আরোপের মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বৈদেশিক বাণিজ্যে সুবিচার প্রবর্তন। তিনি উল্লেখ করেন, কানাডা ও মেক্সিকো থেকে আসা অবৈধ ফেন্টানিলের কারণে যুক্তরাষ্ট্রে বিপুল সংখ্যক মানুষের মৃত্যু ঘটেছে, যা শুল্ক আরোপের একটি বড় কারণ।
এদিকে, ট্রাম্পের শুল্ক নীতির ফলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপরও শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। তিনি অভিযোগ করেন যে, ইইউ যুক্তরাষ্ট্রের সঙ্গে সুবিচার করেনি। ট্রাম্পের শুল্ক নীতি বিশেষ করে চীনের জন্য নতুন বাণিজ্য উত্তেজনার সৃষ্টি করেছে, কারণ ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ফলে চীনের পণ্য আমদানির পরিমাণ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে।
চীন, কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের প্রধান তিন বাণিজ্য অংশীদার। গত বছর এই তিন দেশ মার্কিন বাজারের ৪০ শতাংশ আমদানি সরবরাহ করেছে, ফলে নতুন শুল্ক আরোপের ফলে বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। যদিও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছিলেন, “আমরা এটা চাই না, তবে ট্রাম্প যদি এগিয়ে যান, আমরাও জবাব দেব।” ইতোমধ্যে, কানাডা ও মেক্সিকো তাদের শুল্কারোপের পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।











