অনলাইন ডেস্ক:
শেরপুরের নকলায় গরু চোর সন্দেহে পিটুনির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার রাতে এই ঘটনা ঘটে, পরে গত সোমবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন (৩০) মারা যান। এর ফলে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই জনে।
নিহত আমির হোসেন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। অন্যদিকে, নিহত মুসলিম উদ্দিন (৪৫) ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া এলাকার মৃত মইজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের দক্ষিণ নকলা এলাকায় ছয়জনকে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা গরু চোর সন্দেহ করে চিৎকার শুরু করেন। এরপর কয়েকশত মানুষ জড়ো হয়ে তাদের পিটুনি শুরু করলে তারা গুরুতর আহত হন।
আহতদের মধ্যে বাকি চারজন হলেন- গোমড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে আজী রহমান (১৯), সুরুজ মিয়ার ছেলে রাজু মিয়া (২৫), আবুল হোসেনের ছেলে আয়নাল হক (৩৪) এবং পার্শ্ববর্তী সন্ধ্যাকুড়া এলাকার মো. শাহজাদার ছেলে মো. সাদ্দাম (৩০)। খবর পেয়ে নকলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুসলিম উদ্দিন মারা যান। বাকিদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম এই ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং নকলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।











