সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগপত্র গ্রহণ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির টিকিটে নির্বাচিত ড. মোহাম্মদ ওসমান ফারুক এবং তার এই পদত্যাগপত্র এরইমধ্যে গ্রহণ করা হয়েছে বলে জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার এই তথ্য সংসদকে অবহিত করেন।
এদিন বিকাল সোয়া ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠক শুরু হয়। অধিবেশনের শুরুতেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনী এলাকায় ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর হতে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষর যুক্ত পদত্যাগপত্র প্রেরণ করেছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র প্রাপ্ত হওয়ার পর থেকে সংশ্লিষ্ট সদস্যের আসন শূন্য হবে উল্লেখ করে স্পিকার আরও বলেন, ‘সেই অনুযায়ী, ১৫ নভেম্বর পূর্বাহ্ণ থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি মহান সংসদকে অবহিত করা হলো।’
উল্লেখ্য, ওসমান ফারুক চারদলীয় ঐক্যজোট সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সংসদ সচিবালয় সূত্র বলছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সেসময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে তখন চিঠি দিয়েছিলেন।
