অনলাইন ডেস্ক :
শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু করে অল্প সময়েই কোটি দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তাঁর প্রাণবন্ত অভিনয় ও মিষ্টি সংলাপ এখনো স্মৃতিতে গাঁথা বহু দর্শকের। দীর্ঘ বিরতির পর নায়িকা হিসেবে চলচ্চিত্রে ফিরেছেন তিনি, তবে এই পথচলা মোটেও সহজ ছিল না।
নায়িকা দীঘিকে ঘিরে বিভিন্ন সময়ে তৈরি হয়েছে গসিপ, হতে হয়েছে ট্রলের শিকার। একসময় এসব তাকে ভীষণ কষ্ট দিত বলে জানিয়েছেন তিনি। দীঘি বলেন,
“একটা সময় খুব মন খারাপ থাকত। ভেঙে পড়তাম। ভাবতাম, কেন ট্রল হচ্ছে—আমি তো ট্রল হওয়ার মতো কিছু করিনি।”
তবে সময়ের সঙ্গে বদলেছে তাঁর দৃষ্টিভঙ্গি। ট্রল বিষয়ে নিজের উপলব্ধি ভাগ করে নিয়ে দীঘি বলেন,
“শাকিব খান, জয়া আহসান, এমনকি অমিতাভ বচ্চন বা শাহরুখ খান, সবার দিকেই ট্রল ছোড়া হয়। তাই বুঝেছি, কিছু মানুষের স্বভাবই হলো অন্যকে নিচে নামানো। তারা নিজেরাই হতাশাগ্রস্ত ও ব্যর্থ, সফল মানুষদের ঈর্ষা করেই এসব করে।”
ট্রল নিয়ে ভাবা যে নিজের সময় ও মানসিক শক্তির অপচয়—সেটাও বুঝেছেন তিনি। দীঘির ভাষায়,
“সবাই একজন মানুষকে ভালোবাসবে—এটা কখনোই সম্ভব নয়। যারা নেতিবাচক কথা বলে, তাদের গুরুত্ব দেওয়া বোকামি।”
সম্প্রতি যুক্তরাষ্ট্রে কয়েকটি শো শেষ করে দেশে ফিরেছেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি নতুন কিছু কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।











