নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বারা যদি কারও কোনো ক্ষতি বা কষ্ট হয়ে থাকে, তাঁদের উদ্দেশে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।
জামায়াত আমির বলেন, “১৯৪৭ সাল থেকে আজকের দিন (২২ অক্টোবর ২০২৫) পর্যন্ত আমাদের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমরা বিনাশর্তে তাঁদের কাছে ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনা নতুন নয়— অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমি নিজেও একাধিকবার প্রকাশ্যে ক্ষমা চেয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা মানুষ, ভুল আমাদেরও হতে পারে। আমাদের শত সিদ্ধান্তের মধ্যে একটি বেঠিক হতে পারে, আর সেই সিদ্ধান্তে যদি জাতির কোনো ক্ষতি হয়, তাহলে মাফ চাইতে আমার কোনো দ্বিধা নেই।”
ডা. শফিকুর রহমান বলেন, “অনেকে বলেন— এভাবে নয়, অন্যভাবে ক্ষমা চাইতে হবে। কিন্তু আমি আজ বিনাশর্তে বলছি, কোনো শর্ত ছাড়াই সবার কাছে ক্ষমা চাইছি— ব্যক্তি হোন বা গোটা জাতি। আমি দেশে থেকেও এই ক্ষমা চেয়েছি, আজ শুধু তা পুনরায় স্পষ্ট করলাম।”
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “রোজার আগে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে— এ বিষয়ে কোনো অনিশ্চয়তা নেই। জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘুরা সাংবিধানিক অধিকার অনুযায়ী নির্বিঘ্নে বসবাস করতে পারবেন।”
ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে তিনি বলেন, “ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চায় জামায়াতে ইসলামী।”
একই সঙ্গে তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনেরও দাবি জানান, যেখানে পিআরসহ (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) বিভিন্ন বিষয়ে জনগণের মত নেওয়ার আহ্বান জানান তিনি।











