সমালোচনা উপভোগ করি, বয়স নিয়ে তুলনা ‘বোকা চর্চা’

অনলাইন ডেস্ক:

প্রায় দুই দশকের অভিনয় ক্যারিয়ারে অসংখ্য নাটক ও সিনেমায় কাজ করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন অভিনেত্রী রুনা খান। এই সময়ে তিনি অনেক প্রশংসা অর্জন করেছেন, তবে সমালোচনাও কম হয়নি। তবে, এসব সমালোচনা নিয়ে তার মনোভাব বেশ স্পষ্ট। রুনা খান বলেন, “আমার তো সমালোচনা ভীষণ ভালো লাগে, উপভোগ করি। কখনোই মনে করি না, আমি যা করি তা সবার ভালো লাগবে। যাদের ভালো লাগবে তারা প্রশংসা করবে, যাদের লাগবে না তারা সমালোচনা করবে; তবে সমালোচনা থেকেই কাজটা ভালো হয়।”

অভিনেত্রী বয়স নিয়েও সর্বদাই অকপট। তার মতে, বয়স লুকানো যায় না, লুকানোর বিষয়ও নয়, বরং বয়স উদযাপন করার বিষয়। বয়স নিয়ে অনেক সময় বিভিন্ন তারকাদের সঙ্গে তার তুলনা করা হয়, বিশেষ করে পঞ্চাশের অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে। এ বিষয়ে রুনা খান বলেন, “জয়া আপা আমার দৃষ্টিতে বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে অর্জন সমৃদ্ধ, নিবেদিত প্রাণ একজন অভিনয়শিল্পী। একজন শিল্পীর সঙ্গে তুলনা করা সুন্দর কিছু নয়।”

তবে সমালোচনার ধরণ নিয়েও তার মতামত রয়েছে। রুনা খান বলেন, “জয়া আপা, আমি—আমরা তো আর কচি খুকি নই! আমাদের বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। যেটা গঠনমূলক সমালোচনা, সেটা খুব দারুণ ব্যাপার। আমি যেটাকে ভীষণভাবে স্বাগত জানাই। আর যেটা পরশ্রীকাতরতা থেকে বা অ্যাটেনশন পাওয়ার জন্য করা হয়, সেটা আমরা গ্রহণ করি না।”

তার কাছে বয়স, অভিনয় এবং সমালোচনার মানে হলো ব্যক্তিগত গর্ব এবং নিজের কাজের প্রতি আত্মবিশ্বাস। বয়স বাড়লেও তার গ্ল্যামার, স্টাইল এবং অভিনয় প্রতিভায় কোন কমতি হয়নি।