সরকারের সঙ্গে আপসে রাজি নন ইমরান খান

অনলাইন ডেস্ক:

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি সরকারের সঙ্গে কোনো ধরনের আপসে রাজি নন। বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার বোন আলিমা খান এ কথা জানিয়েছেন।

এই বক্তব্যটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন সামাজিক যোগাযোগমাধ্যম এবং মূলধারার গণমাধ্যমে গুজব উঠেছে যে, পিটিআই সরকার সঙ্গে গোপনে আলোচনায় বসতে যাচ্ছে। সূত্রমতে, খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর পিটিআই’র পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছেন। তবে সরকার পক্ষ আলোচনায় বসবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

এদিকে, পিটিআই আগামী ঈদুল ফিতরের পর সরকারবিরোধী বড় ধরনের আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে। দলের নেতা শওকত ইউসুফজাই জানিয়েছেন, পাকিস্তানের প্রধান দুই রাজনৈতিক দল—পিপিপি (পাকিস্তান পিপলস পার্টি) এবং পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ)-এর মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। তিনি বলেন, “ক্ষমতাসীন জোটের মধ্যে ক্রমবর্ধমান দ্বন্দ্বের ফলে সরকারের পতন আসন্ন। এটি সম্ভবত ঈদের আগেই ঘটবে।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে শওকত ইউসুফজাই আরও বলেন, পিপিপি এবং পিএমএল-এন একে অপরকে দোষারোপ করছে। পিপিপি অভিযোগ করছে, পিএমএল-এন সরকার অকার্যকর, আর পিএমএল-এন বলছে, সিন্ধু প্রদেশে পিপিপি ব্যর্থ হয়েছে। তিনি মন্তব্য করেন, “এই দুই দলের অভিযোগ সত্য, এবং পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র হতে পারে।”

এখন দেখার বিষয়, সরকার পক্ষ আলোচনায় বসে কি না এবং রাজনৈতিক অস্থিরতা কতটা বৃদ্ধি পায়।