“সরকারের সঙ্গে না থাকলে আমাদের ক্ষতি হতো”— আদালতে নজরুল ইসলাম মজুমদার

অনলাইন ডেস্ক:

নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেছেন, “সরকারের সঙ্গে না থাকলে আমাদের ক্ষতি হতো।” গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, সকাল ১০টায় মো. শামীম হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনাকে অভয় দেওয়ার বক্তব্য নজরুল ইসলাম মজুমদারের মিডিয়ায় এসেছে। তিনি এবং তার মতো ব্যক্তিরা অর্থনৈতিকভাবে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন এবং অপরাধমূলক ষড়যন্ত্রে যুক্ত ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী বলেন, নাসা গ্রুপের অধীনে ৫০ হাজার মানুষ কাজ করে, যা প্রায় পাঁচ লাখ মানুষের জীবিকা নির্বাহের সঙ্গে যুক্ত। সরকার যেভাবে চেয়েছে, সেভাবেই তিনি কাজ করেছেন। তিনি কোনো রাজনৈতিক দলের কর্মী নন, এবং শারীরিক অসুস্থতার কারণে আগেও রিমান্ডে নেওয়া হয়নি। তাই রিমান্ড বাতিলের আবেদন জানান তিনি।

তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুকী বলেন, “কোর্টে এলে তারা অসুস্থ হয়ে যান, কিন্তু জুলাই আন্দোলনে শেখ হাসিনার সামনে টেবিল চাপড়ে বক্তব্য দিয়েছেন। আমরা অবৈধভাবে অর্জিত সম্পদের প্রয়োজন নেই, আমরা বৈধ পথে গড়ে ওঠা সম্পদ চাই। এখনো এক হাজার হত্যা মামলা তদন্তাধীন রয়েছে।”

এরপর আদালতের অনুমতি নিয়ে নজরুল ইসলাম মজুমদার বলেন, “আমার আপন বড় ভাই কুমিল্লার এমপি সাইফুল ইসলাম হিরুকে গুম করা হয় এবং পরে ক্রসফায়ারে হত্যা করা হয়। সরকারের সঙ্গে না থাকলে আমাদেরও একই পরিণতি হতে পারত। আমরা ভয়ে সরকারের সঙ্গে ছিলাম।”

তিনি তার অসুস্থতার বিষয়টি উল্লেখ করে বলেন, “আমার হাত ও পা কাঁপে, কয়েকবার অপারেশন হয়েছে। আমাকে যদি জিজ্ঞাসাবাদ করতেই হয়, তাহলে জেল গেটে করা হোক, রিমান্ডে নেওয়ার মতো শারীরিক অবস্থা আমার নেই।” এরপরও আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।