সরকার গঠনের এক বছর পর দেশের প্রতিটি ক্ষেত্র ব্যর্থ হবে: হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে রাজধানীর বাংলামোটরে শনিবার দুপুরে এনসিপির আয়োজিত এক আলোচনা সভায় সংসদ সদস্য ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ভবিষ্যৎবাণী করে বলেন যে, বিএনপি সরকারের এক বছর পর অর্থনীতি থেকে শুরু করে আইনশৃঙ্খলা—প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠবে।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আব্দুল্লাহ আরও অভিযোগ করেন যে, বরাবরই আওয়ামী লীগকে পথ দেখিয়েছে বিএনপি এবং দলটি সব আন্দোলনের সুবিধাও নিতে চায়। এছাড়া জুলাই অভ্যুত্থানকে ঘিরে বিএনপি হীনমন্যতায় ভুগছে বলেও মন্তব্য করেন তিনি।
এনসিপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলছে। কিন্তু আগে আওয়ামী লীগের শাসনামলের অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার করতে হবে, তারপর তাদের পুনর্বাসন বা প্রাসঙ্গিকের কথা আসবে।
এদিকে, অনুষ্ঠানে এনসিপির আরেক নেতা সারোয়ার তুষার অন্যের দলে গুপ্ত না খুঁজে বিএনপিকে নিজের দলের ভেতর গুপ্ত খোঁজার আহ্বান জানান। পাশাপাশি আওয়ামী লীগ প্রশ্নে বিএনপিকে একই ভুল দ্বিতীয়বার না করারও আহ্বান জানান তিনি।
