নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের দায়িত্ব আরও বাড়ানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি এখন তাকে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও দেওয়া হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে জানানো হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টনের অংশ হিসেবে শামছুল ইসলামের ওপর নতুন এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের ১৭ ফেব্রুয়ারি ও ২৪ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়োগ এবং তাদের দপ্তর বণ্টন করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে সেই কাঠামোর মধ্যেই শামছুল ইসলামের দায়িত্বের পরিধি বাড়ানো হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত এই উপদেষ্টা এতদিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এখন তিনি একই সঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন। রুলস অব বিজনেস অনুযায়ী এই পুনর্বণ্টন কার্যকর করা হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের পর নতুন সরকারের শপথের দিনই তিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। সর্বশেষ এই সিদ্ধান্তের মাধ্যমে তার দায়িত্বের পরিধি আরও বিস্তৃত হলো।











