ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে দ্রুত চার্জশিট দাখিলের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত: 10 August 2025, 4:46 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১০ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “গাজীপুরের ঘটনায় জড়িত বেশিরভাগকে আইনের আওতায় আনা হয়েছে। তবে যেই জীবন চলে গেছে, তার ক্ষতি পূরণ সম্ভব নয়। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুত চার্জশিট দাখিল করা হবে।”

তিনি আরও বলেন, “ভিডিও ফুটেজে ঘটনার স্পষ্ট চিত্র রয়েছে। সেটিই বিচারকার্যে বড় ভূমিকা রাখবে।”

দেশে অসহিষ্ণু আচরণের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আমরা জাতি হিসেবে দিন দিন অসহিষ্ণু হয়ে উঠছি। আগে কোনো খারাপ ঘটনা ঘটলে মানুষ রুখে দাঁড়াত। কিন্তু এখন সবাই কেবল ভিডিও করে— প্রতিহত করে না। গাজীপুরের ঘটনাও সবার সামনে ঘটেছে, অথচ কেউ এগিয়ে আসেনি। এটা সমাজের জন্য অশনিসংকেত।”

পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সংকটপূর্ণ একটি অবস্থায় কাজ শুরু করেছি। পুলিশ-আনসার বাহিনীর মধ্যে সমস্যা ছিল, সক্রিয়তাও কিছুটা কম ছিল। এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমরা প্রস্তুতি নিচ্ছি, প্রশিক্ষণের ব্যবস্থা নিচ্ছি— যাতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া যায়।”

মন্তব্য করুন