জেলা প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকায় পাথর লুটপাটের ঘটনায় বিতর্কের মধ্যে একযোগে ২২ জন পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে। বদলিকৃতদের মধ্যে রয়েছেন কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানার আলোচিত ১১ জন উপ-পরিদর্শক (এসআই) ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।
থানা সূত্রে জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) জেলায় কর্মরত ১৩ জন এসআই, ৭ জন এএসআই এবং ২ জন কনস্টেবলসহ মোট ২২ জনকে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়। পুলিশ সূত্র বলছে, এ বদলি ‘নিয়মিত প্রক্রিয়ার অংশ’ হলেও সাদাপাথর লুটপাট-সংশ্লিষ্ট বিতর্কিত সদস্যদের অন্তর্ভুক্ত করায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে।
১৩ আগস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে সাদাপাথর এলাকায় পাথর লুটপাটের বিষয়ে একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের ৪২ জন রাজনীতিক এবং প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতার কথা উঠে আসে।
এছাড়া কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানার একাধিক পুলিশ সদস্যেরও অবৈধ পাথর উত্তোলনের সিন্ডিকেটে জড়িত থাকার প্রমাণ মেলে বলে জানায় দুদক।
বদলিকৃতদের মধ্যে কোম্পানীগঞ্জ থানার তিনজন এসআই ও একজন এএসআই, এবং গোয়াইনঘাট থানার চারজন এসআই ও তিনজন এএসআই রয়েছেন। এছাড়া বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার থানা এবং কুশিয়ারা তদন্তকেন্দ্র ও মোটরযান শাখার সদস্যরাও এই বদলির আওতায় পড়েছেন।
একই সঙ্গে জেলার অন্যান্য থানা থেকে ৯ জন পুলিশ সদস্যকে নতুন করে কোম্পানীগঞ্জ (৩ জন) ও গোয়াইনঘাট (৬ জন) থানায় বদলি করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই বদলির তালিকা এখানেই শেষ নয়— শিগগিরই আরও কিছু কর্মকর্তার রদবদল হতে পারে।











