সাপাহারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ

জেলা প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকার পরেও বিবাদী পক্ষের সদস্যরা এ কাজ অব্যাহত রেখেছেন বলে অভিযোগ করেছেন বাদী পক্ষ।

বাদী পক্ষের দাবি, কল্যানপুর গ্রামের মৃত সমির উদ্দীন মন্ডলের ছেলে সাইদুল মন্ডল আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় তিনি উল্লেখ করেছেন যে, তার প্রতিপক্ষ হাবিবুর রহমান, বকুল ও জামাল তার জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করছে। বিজ্ঞ আদালত মামলার পরিপ্রেক্ষিতে উভয় পক্ষকে জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার এবং নতুন কোনো স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন।

তবে, আদালতের আদেশ উপেক্ষা করে বিবাদী বকুল হোসেন ইতোমধ্যে ওই জমিতে বসত বাড়ি নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। সরেজমিনে কল্যানপুর মৌজার বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের সত্যতা পাওয়া গেছে।

নালিশী সম্পত্তি সম্পর্কিত দখল সংক্রান্ত তদন্ত প্রতিবেদন সাপাহার থানার অফিসার ইনচার্জ ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর কাছে দাখিল করার নির্দেশ দেওয়া হয়। এই জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বাদী পক্ষ দাবি করেছেন, তারা প্রায় ৪০ বছর ধরে শান্তিপূর্ণভাবে জমি দখলে রেখেছেন, তবে প্রতিপক্ষদের আচরণে তারা ভয়ভীতি এবং হুমকির সম্মুখীন হচ্ছেন।

স্থানীয় থানায় বিষয়টি জানানো হলে, দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকতা আব্দুল বাতেন বিবাদীদের আইন মেনে চলার জন্য নোটিশ জারি করেছেন এবং আদালতের নির্দেশনা পালন করতে বলা হয়েছে।

এ ঘটনার পর, স্থানীয় পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছে।