হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮০

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮০ জন। এর মধ্যে পরীক্ষায় ৬৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে এবং ৮১৫ জনের হামের উপসর্গ পাওয়া গেছে।

 

শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টার এই হিসাব ২১ আগস্ট সকাল ৮টা থেকে ২২ আগস্ট সকাল ৮টা পর্যন্ত সময়ের।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৮৩১। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ৯৩০ শিশুর মৃত্যু হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় ৬৫ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৮১৫ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮০ জনে।

 

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২২ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১৮ হাজার ২৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৫ হাজার ১৫১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।