সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:

হত্যা মামলায় কারাগারে থাকা পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা একটি প্রজ্ঞাপনে এই বরখাস্তের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের অতিরিক্ত ডিআইজি (এডিসি, সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মশিউর রহমানকে ১৮ অক্টোবর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়। এজন্য সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (২) ধারার অধীনে তাকে ১৮ অক্টোবর থেকে সাময়িকভাবে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন মশিউর রহমান রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

এর আগে, ২০ সেপ্টেম্বর রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) মশিউর রহমানকে গ্রেপ্তার করে এবং তাকে নিউমার্কেট থানার হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত করা হয়।