অনলাইন ডেস্ক:
রাজধানীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানার সামনে পথচারী মো. মাসুদুর রহমান জনি হত্যার ঘটনায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
গতকাল সোমবার, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক সিকদার মহিতুল আলম আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে শুনানি করেন, তবে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে বলেন, “মামুনকে ইতোমধ্যে ৭৫ দিন রিমান্ডে নেওয়া হয়েছে, এবং তিনি যা বলার সব বলেছেন। অতএব, আরও রিমান্ডের প্রয়োজন নেই।” শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩ সেপ্টেম্বর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। এরপর, বিভিন্ন দফায় রিমান্ডে নেওয়ার পর, আদালত আবার তাকে রিমান্ডে পাঠিয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মো. মাসুদুর রহমান জনি (৪০) যাত্রাবাড়ী থানার চৌরাস্তা এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুলিতে আহত হন। তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট তিনি মারা যান। ২৯ আগস্ট যাত্রাবাড়ী থানায় এই হত্যাকাণ্ডে মামলা করা হয়।











