নিজস্ব প্রতিবেদক:
ঋণের নামে প্রায় ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অভিযোগে ব্যাংকটির তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য সাহাবুদ্দিন, সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ঋণ অনুমোদন প্রক্রিয়ায় অনিয়মের সঙ্গে জড়িত থাকার কথা বলা হয়েছে। ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধেও অবৈধভাবে ঋণ পাইয়ে দিতে ভূমিকা রাখার অভিযোগ আনা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) দুদক সূত্রে বিষয়টি জানা যায়। অভিযোগের নথি অনুযায়ী, ইসলামী ব্যাংকের পক্ষে ব্যাংকটির কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলী অভিযোগটি দাখিল করেন। একাধিক সূত্রে অভিযোগ দাখিলের তারিখ ২৯ জুলাই উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেওয়ার পর ‘সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানের ঋণসীমা ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়। পরে ওই ঋণের বিপুল অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
ইসলামী ব্যাংকের অভিযোগ অনুযায়ী, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করা সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ব্যবসায়ী এস আলম ভূমিকা রাখেন। একই সঙ্গে তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য মো. সাহাবুদ্দিন এবং ব্যাংকের সাবেক তিন ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ঋণ অনুমোদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা অনৈতিকভাবে ঋণ অনুমোদনের মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়েছেন। মোট ৩৮ জনের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি নিয়ে চারটি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তদন্ত করা হয়েছে। ওই তদন্তে ঋণ অনুমোদন ও অর্থ উত্তোলনের ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি পাওয়া গেছে বলে দুদকে দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দুদকের কাছে অনুরোধ জানিয়েছে ইসলামী ব্যাংক।











