সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, বিএনপির অভিযোগের ভিত্তিতে কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত ২২ জুন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন।
মামলায় সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, কেএম নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়ালসহ মোট ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, মামলায় বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে পরিকল্পিতভাবে কারচুপি ও অনিয়মের মাধ্যমে ভোটের ফলাফল প্রভাবিত করা হয়েছে।
এই মামলার পরিপ্রেক্ষিতে গত ২২ জুন সন্ধ্যায় রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি কেএম নূরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। ২৩ জুন তাকে আদালতে হাজির করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিবি সূত্রে জানা গেছে, মামলার তদন্তের অংশ হিসেবেই কাজী হাবিবুল আউয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে।
