সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংক লরি ও সিএনজির সংঘর্ষে দুইজন নিহত

জেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্যাংক লরির সঙ্গে সিএনজির সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন অন্তত চার যাত্রী, এবং নিহত হয়েছেন সিএনজি চালকসহ দুজন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকাল পৌনে ৪টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পূর্ব দেলুয়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উল্লাপাড়ার পাঁচলিয়া আলোকদিয়া গ্রামের সিএনজি চালক শরিফুল ইসলাম (৩৫) এবং ডুবডাঙ্গা গ্রামের আব্দুল মমিন (৩৫)। স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিটি সেতুর ওপর ওঠার সময় বিপরীত দিক থেকে আসা ট্যাংক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, শরিফুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং আব্দুল মমিনের মরদেহ থানায় রাখা হয়েছে। তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত ট্যাংক লরি ও সিএনজি উদ্ধার করে থানায় আনা হয়েছে, এবং এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।