সিরিয়া পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশ্বাস কাতার আমিরের

অনলাইন ডেস্ক:

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি সিরিয়ার পুনর্গঠনে কাতারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার, সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে বৈঠক করেছেন কাতারের আমির। এই সফর সিরিয়ায় আসাদ যুগের অবসানের পর কাতারের প্রথম সরকারী সফর হিসেবে চিহ্নিত হয়।

বৈঠকে কাতারের আমির সিরিয়ায় স্থিতিশীলতা বজায় রাখার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের ওপর গুরুত্ব দেন এবং সিরিয়া পুনর্গঠনে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেন। তিনি বলেন, “সিরিয়ার জনগণের সমর্থন এবং সহযোগিতায় কাতার সবসময় পাশে থাকবে।”

এদিকে, কাতারের সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, সিরিয়ার পুনর্গঠনে বিশেষ করে জ্বালানি, পরিবহন এবং আবাসন খাতে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ১৩ বছর পর সিরিয়ায় কাতারের এই সফর নতুন নেতৃত্বকে সমর্থন জানিয়ে দামেস্কে পুনরায় খুলেছে কাতারের দ্বার।

বিশ্লেষকরা এই সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। তারা বলছেন, এই সফর সিরিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রে কাতারের ক্রমবর্ধমান ভূমিকার ইঙ্গিত দেয়।