সীমান্ত এলাকায় বিজিবি মোতায়েন বাড়ানোর পরামর্শ জেলা প্রশাসকদের

নিজস্ব প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জেলা প্রশাসকরা (ডিসি) সীমান্ত এলাকায় বিজিবি মোতায়েনের হার আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন। এছাড়া, নৌপথের নিরাপত্তা বাড়ানোর জন্য নৌপুলিশের সংখ্যা বৃদ্ধি করার প্রস্তাবও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের কার্য-অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।

উপদেষ্টা বলেন, “আমাদের কার্য অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও কৃষির উন্নয়ন নিয়ে মূলত আলোচনা হয়েছে। জেলা প্রশাসকরা সীমান্ত এলাকায় বিজিবি মোতায়েনের হার বাড়ানো এবং নৌপথের নিরাপত্তা বৃদ্ধির জন্য নৌপুলিশের সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। এছাড়া, গাজীপুর মেট্রোপলিটন এলাকার পুলিশ এবং শিল্প পুলিশের জনবল বৃদ্ধিরও কথা বলেছেন। আমরা বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।”

তিনি আরও জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, তবে উন্নতির আরও সুযোগ রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে এবং এ জন্য সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ চালানো হচ্ছে।”

উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেন, “দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি, যা সমূলে দূর না করতে পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব হবে না। এজন্য সব স্তরে দুর্নীতি কমানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং জেলা প্রশাসকদের এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।”

এছাড়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত কার্য-অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা খোদা বখস চৌধুরী।

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএমসহ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।