নিজস্ব প্রতিবেদক:
ভারতের সঙ্গে সব ধরনের অসম চুক্তি ও সীমান্ত ইস্যু নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানির সুষম বণ্টন, পানি উত্তোলন, পানি চুক্তি বাস্তবায়ন এবং রহিমপুর খালের মুখ পুনরায় উন্মুক্তকরণ নিয়ে আলোচনা হবে।
এছাড়া সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধ, সীমান্ত হত্যা বন্ধ, সীমানা লঙ্ঘন ও অনুপ্রবেশ রোধে দুই দেশের মধ্যে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। বিশেষ করে ভারত থেকে বাংলাদেশে ফেন্সিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য প্রবেশ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আগরতলা থেকে আখাউড়ার দিকে প্রবাহিত বর্জ্য পানি পরিশোধনের জন্য চারটি খালে শোধনাগার স্থাপনের বিষয়েও আলোচনা করা হবে, যাতে এ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব হয়।











