সুদানে হাসপাতালে ড্রোন হামলা, নিহত ৩০

অনলাইন ডেস্ক:

সুদানের দারফুর অঞ্চলের এল-ফাশারে সৌদি হাসপাতালে ড্রোন হামলায় ৩০ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় এই হামলা হয়, যা শহরের একমাত্র কার্যকরী হাসপাতালটির ভবনটি সম্পূর্ণ ধ্বংস করে দেয়।

চিকিৎসা সূত্র জানায়, সৌদি হাসপাতালটি ছিল এল-ফাশারের একমাত্র সরকারি হাসপাতাল, যেখানে অস্ত্রোপচার করা সম্ভব ছিল। এর আগে, কয়েক সপ্তাহ আগে একই হাসপাতালটি আরএসএফের একটি ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। এল-ফাশারে স্বাস্থ্যসেবার ওপর আক্রমণ এখন একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে যুদ্ধ চলছে। আরএসএফ দারফুরের প্রায় পুরো অঞ্চল দখল করেছে এবং মে মাস থেকে এল-ফাশার শহরটি অবরোধ করে রেখেছে, যদিও তারা শহরটি দখল করতে পারেনি। সেনাবাহিনী সমর্থিত মিলিশিয়ারা তাদের বারবার প্রতিহত করছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সুদানে ৮০ শতাংশের বেশি স্বাস্থ্যসেবা কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, এক কোটি ২০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং লাখ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে।

এল-ফাশার অঞ্চলের আশপাশে তিনটি শরণার্থী শিবিরে—জামজাম, আবু শউক এবং আল-সালামে ইতিমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে। জাতিসংঘ সমর্থিত একটি মূল্যায়নে বলা হয়েছে, আগামী মে মাসের মধ্যে এই দুর্ভিক্ষ আরও পাঁচটি এলাকায় ছড়িয়ে পড়তে পারে, যার মধ্যে এল-ফাশারও রয়েছে।

সূত্র: এএফপি