সেনাবাহিনীর মধ্যস্থতায় ৪ ঘন্টা পর টঙ্গীতে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক:

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টার দিকে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় এই অবরোধ শুরু হয়, যা বেলা ১১টার দিকে সেনাবাহিনীর মধ্যস্থতায় তুলে নেওয়া হয়।

শ্রমিকরা জানান, তারা গত এক মাসের বেতন পাননি। প্রথমে কারখানার সামনে বিক্ষোভের পর তারা মহাসড়কে অবস্থান নেন। এতে ওই সড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয় এবং অফিসগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করে।

এদিকে, জেলার কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিক নির্যাতনের অভিযোগে আরেকটি বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এক শ্রমিককে মারধরের প্রতিবাদে কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন, ফলে উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়।

পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের ইটাহাটা ও ইসলামপুর এলাকার কয়েকটি পোশাক কারখানায় বিশৃঙ্খলার আশঙ্কায় ছুটি ঘোষণা করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।