অনলাইন ডেস্ক:
সৌদি আরবের মক্কা-মদিনা ও জেদ্দাসহ বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গত সোমবারের এ বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এবং অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মক্কার দক্ষিণ-পূর্বে আল-আওয়ালি এলাকায় বন্যার পানি রাস্তাঘাট ডুবিয়ে দিয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, গাড়ি ও বিভিন্ন যানবাহন পানির নিচে তলিয়ে গেছে এবং লোকজন পানির মধ্য দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন।
মদিনা ও জেদ্দায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মক্কার বদর প্রদেশের আল-শাফিয়াহতে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেদ্দার আল-বাসাতিনে ৩৮ মিলিমিটার এবং মদিনার মসজিদে নববীতে ৩৬.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সৌদির ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার (এনএমসি) জানিয়েছে, ৮ জানুয়ারি পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। মক্কা, মদিনা, আল-বাহা, রিয়াদ, তাবুকসহ উত্তর ও পূর্ব সীমান্ত অঞ্চলে ধূলিঝড়, বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
মক্কার ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
গাড়ি চালকদের সাবধানে চলাচল করতে এবং সমুদ্র সৈকতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তীব্র বৃষ্টিপাতের কারণে মদিনা, রিয়াদসহ বিভিন্ন অঞ্চলের রাস্তাগুলো ছোট নদীতে রূপ নিয়েছে। কর্তৃপক্ষ জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছে। এ ধরনের দুর্যোগ মোকাবিলায় প্রশাসন প্রস্তুত থাকলেও আবহাওয়ার দীর্ঘায়িত প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে।











