সৌদি আরবে বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর আধুনিক ক্লিনিক চালু

অনলাইন ডেস্ক:

চিকিৎসা ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটিতে প্রথমবারের মতো চালু হয়েছে একটি আধুনিক ক্লিনিক, যেখানে রোগীর প্রাথমিক চিকিৎসা দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর ডাক্তার ‘ডক্টর হুয়া’।

সৌদি আরবের আলমুসা গোষ্ঠী এই ক্লিনিক পরীক্ষামূলকভাবে চালু করেছে, যেখানে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে চীনের AI প্রতিষ্ঠান সিন-ই। রোগীরা আগে থেকে যোগাযোগ করে নির্ধারিত সময়েই ক্লিনিকে এসে চিকিৎসা নিতে পারবেন, দীর্ঘ লাইন বা অপেক্ষার ঝামেলা থেকে মুক্ত থাকবেন।

ক্লিনিকে এসে ‘ডক্টর হুয়া’ রোগীর সঙ্গে কথোপকথনের মাধ্যমে সমস্যার প্রকৃতি বুঝবে, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে এবং তা বিশ্লেষণ করে প্রেসক্রিপশন তৈরি করবে। তবে চূড়ান্ত অনুমোদন দেবে একজন মানব চিকিৎসক, যারা প্রতিটি ধাপে পর্যবেক্ষণ করবেন।

নিরাপত্তা এবং সেবা মান বজায় রাখতে ক্লিনিকে থাকবে নিরাপত্তাকর্মীসহ বিভিন্ন জনবল। এই ক্লিনিকের পরিষেবা শুধু আউটডোর চিকিৎসার জন্য প্রযোজ্য; জরুরি বিভাগে এখনও এআই ব্যবহৃত হচ্ছে না। কারণ বিশেষজ্ঞরা বলছেন, তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে এআই পুরোপুরি সক্ষম নয়।

ভাষার সমস্যা এড়াতে ‘ডক্টর হুয়া’ বহু ভাষায় দক্ষ হিসেবে তৈরি করা হয়েছে, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের রোগীরা সুবিধা পায়।

১৮ মাস মেয়াদের পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হওয়া এই উদ্যোগের সিইও ঝ্যাং শাওদিয়ান বলেন, “এতদিন এআই ছিল ডাক্তারদের সহকারী, এবার চিকিৎসার দায়িত্ব এআইয়ের ওপরই দেওয়া হচ্ছে।”

যদিও এআই চিকিৎসার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, কতটা সফল হবে এই আধুনিক পদক্ষেপ, সেটি সময়ই নির্ধারণ করবে।