ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইলেন সিইসি

প্রকাশিত: 29 November 2026, 1:55 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপের প্রথম দিনে তিনি এ আহ্বান জানান।

সংলাপে সিইসি বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে নির্বাচনকে ‘ফ্রি, ফেয়ার, ইকুইটেবল ও নিউট্রাল’—এ ধরনের বিশেষণ দিয়ে সংজ্ঞায়িত করতে হয়, যা উন্নত বিশ্বে দেখা যায় না। নির্বাচন মানেই হলো ভোটাররা নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরবেন। কমিশন এমন বিশেষণমুক্ত প্রকৃত নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে এ এম এম নাসির উদ্দিন বলেন, রাজনৈতিক দল ও অংশীজনদের সহযোগিতায় কমিশন একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পেরেছে, যা দেশি-বিদেশি পর্যবেক্ষকদের প্রশংসাও কুড়িয়েছে। সহিংসতামুক্ত সেই নির্বাচনের সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহণ ছাড়া কমিশনের পক্ষে এমন আয়োজন সম্ভব হতো না।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সিইসি জানান, কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে কার্যক্রম শুরু করতে চায়। বর্তমানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় অনেক মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা গণমাধ্যমেও উঠে আসছে। দেশে মোট ৪ হাজার ৫১৮টি ইউনিয়ন পরিষদ রয়েছে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে একসঙ্গে না করে পাঁচ ধাপে এই নির্বাচন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হবে আগামী জানুয়ারি মাসে।

নির্বাচনের প্রতীক নিয়ে সিইসি স্পষ্ট করেন যে, ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হবে না। প্রার্থীরা কমিশনের নির্ধারিত প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলের সমর্থনপুষ্ট ও পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত প্রার্থীরা মাঠে থাকবেন। জাতীয় নেতাদের প্রভাব ও প্রতিপত্তি থাকায় এই নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া সুষ্ঠু পরিবেশ বজায় রাখা কঠিন বলে তিনি মন্তব্য করেন।

এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই এবং তারা নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর। স্থানীয় নির্বাচনে ঐতিহাসিকভাবেই বিভিন্ন চ্যালেঞ্জ ও সহিংসতার ঝুঁকি থাকে। তাই সম্ভাব্য সব চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও সহযোগিতা নিয়ে কমিশন একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায়।

মন্তব্য করুন