ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 28 November 2026, 1:57 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব, ব্যক্তিগত স্বার্থের সংঘাত ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকাটা স্বাভাবিক, তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করার কারণ না হয় সে বিষয়ে শিক্ষকদের সতর্ক থাকতে হবে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে এই সম্মিলন আয়োজন করা হয়। এবারের সম্মিলনের প্রতিপাদ্য ছিল ‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একজন অধ্যক্ষ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম স্থপতি। তার মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষা প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে।

শিক্ষা সেক্টরে বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, শহর ও গ্রামের মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর থেকে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা উন্নত হয়েছে, তা নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন।

বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করছে এবং সেগুলোর বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের নেতৃত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের প্রশিক্ষণের বিকল্প নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পাঠদান পদ্ধতি চালু করতে হবে। এ ক্ষেত্রে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে। আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতার অভাব শিক্ষিতদের বেকারত্বের অন্যতম কারণ।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জি প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগতে আমূল পরিবর্তন আনছে। এসব প্রযুক্তির কারণে একদিকে পুরোনো অনেক পেশা বিলুপ্ত হচ্ছে, অন্যদিকে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্রও তৈরি হচ্ছে। এ বাস্তবতায় প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

শিক্ষার সঙ্গে শিল্প খাতের কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। এ লক্ষ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।

শিক্ষাকে শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ তৈরি করতে হবে। ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মানসহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন বিভিন্ন ভাষা শেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য তৈরি করতে হবে। ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়াতেও উদ্যোগ নিতে হবে।

তারেক রহমান বলেন, শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণেও সরকার সচেতন। কলেজভিত্তিক শিক্ষক সংকট নিরূপণ, শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে। তিনি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

শিক্ষা প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেসব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী জায়গা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নিতে হবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে হবে। ইতোমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায় দুই লাখ বৃক্ষরোপণ করা হয়েছে এবং এ কার্যক্রম আরও সম্প্রসারণ করতে হবে।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। এছাড়া আরও বক্তব্য রাখেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন ও বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।

মন্তব্য করুন