ঢাকা রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন 📢 Google AdSense — 728 × 90 Leaderboard Placement

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার নুসরাত ফারিয়া কারাগারে

প্রকাশিত: 19 May 2025, 12:18 pm
ফন্ট:

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নাজনীন আক্তার এই আদেশ দেন। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করা হয়েছে।

এর আগে সকাল ৯টার দিকে ফারিয়াকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। পরে এক ঘণ্টা পর তাকে আদালতের এজলাসে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল ভূঁইয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন জানান। শুনানি শেষে আদালত ওই আদেশ দেন।

জানা গেছে, রবিবার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ মোট ১৭ জন অভিনয়শিল্পী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জনকে আসামি করা হয়েছে।

আদালতের নির্দেশে গত ২৯ এপ্রিল ভাটারা থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে। মামলায় অভিযোগ করা হয়, আন্দোলনের বিরুদ্ধে অবস্থান এবং অর্থ সহায়তার অভিযোগে নুসরাত ফারিয়াকে অভিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করা নুসরাত ফারিয়া ২০১৫ সালে ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে বড়পর্দায় অভিষেক করেন। এরপর বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার বেশ কিছু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। ২০২৩ সালে ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

মন্তব্য করুন