নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পড়ানোর বিধান বৈধ কিনা তা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেছেন হাইকোর্ট।
১০ মার্চ, মঙ্গলবার গীতিকবি ও লেখক শহীদুল্লাহ ফরায়জীর করা রিটের শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রুল জারি করেন। রুলে সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পড়ানোর বিধান কেন ১৯৭২ সালের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, অবৈধ এবং বেআইনি ঘোষণা করা হবে না।
এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে আট সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
শহীদুল্লাহ ফরায়জী তাঁর রিট আবেদনে উল্লেখ করেছেন, ১৯৭২ সালের সংবিধানে রাষ্ট্রপতি, স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ প্রধান বিচারপতি কর্তৃক গ্রহণের বিধান ছিল। পরবর্তীতে এই বিধান পরিবর্তন হয়ে রাষ্ট্রপতিকে স্পিকার শপথ পড়ানো শুরু হয়। ফরায়জী তাঁর কলামে উল্লেখ করেন, বিশ্বের অধিকাংশ দেশে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি, যা একটি সাংবিধানিক রেওয়াজ। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে স্পিকার দ্বারা রাষ্ট্রপতির শপথ গ্রহণ করা রাষ্ট্রের তিন বিভাগের মধ্যে ভারসাম্যহীনতা সৃষ্টি করে, যা সংবিধানের দার্শনিক ভিত্তির বিরুদ্ধে যায়।
তিনি আরও দাবি করেন যে, রাষ্ট্রপতির শপথ স্পিকার দ্বারা নেওয়া বাংলাদেশের সংবিধানের চরিত্র এবং প্রজাতন্ত্রের বৈশিষ্ট্যের বিপরীতে। বাংলাদেশের গণতান্ত্রিক এবং সাংবিধানিক কাঠামো পুনরুদ্ধারের স্বার্থে রাষ্ট্রপতির শপথ প্রধান বিচারপতির কাছে নেওয়ার বিধান পুনর্বহাল করা উচিত।
এছাড়া, রিটের পক্ষে আইনজীবী ওমর ফারুক শুনানি করেন।











